গাজায় হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ হতাহতের প্রতিবাদে গতকাল রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় প্রতিবাদী সংগীত পরিবেশন করে দনিয়া সাংস্কৃতিক জোট—ছবি: প্রথম আলো
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ হতাহতের প্রতিবাদে গতকাল রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় প্রতিবাদী সংগীত পরিবেশন করে দনিয়া সাংস্কৃতিক জোট—ছবি: প্রথম আলো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী ও শিশুদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে দুটি সংগঠনের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই হামলার প্রতিবাদে ‘স্বাধীনতা ফোরাম’ এক সমাবেশের আয়োজন করে। প্রায় একই সময়ে ‘দনিয়া সাংস্কৃতিক জোট’-এর আয়োজনে শনির আখড়া বাসস্ট্যান্ডের কাছে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন নারী-শিশু-সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
স্বাধীনতা ফোরামের সহ-প্রচার সম্পাদক এইচ এম মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশের সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রত্যাশা করেছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির নেতা খায়রুল কবীর খোকন, এ বি এম মোশাররফ হোসেন, সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। এ ঘটনায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
এদিকে শনির আখড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরীসহ জোটভুক্ত ২৮টি সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজক সংগঠন দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহনেওয়াজ বলেন, মানববন্ধন থেকে বক্তারা এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকারও নিন্দা জানান।