ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গতকাল সোমবারও ঢাকায় বিভিন্ন সংগঠনের আয়োজনে সভা, সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচি থেকে গাজায় হামলা বন্ধের দাবিতে কঠোর অবস্থান নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নারী ও সম্মিলিত নারী সমাজ। মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার শুধু প্রতিবাদ জানালেই হবে না, একই সঙ্গে এ দেশের ১৬ কোটি মানুষের ভাষাও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব বাংলাদেশ সরকারের। গাজায় হামলা বন্ধের ব্যাপারে বন্ধু দেশের সঙ্গে কথা বলে বিশ্বঐক্য গড়ে তোলার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া উচিত বলে বক্তারা মত দেন।
মানববন্ধনে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সুশাসনের জন্য নারীর নির্বাহী পরিচালক রুবি আমাতুল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, নারীনেত্রী হাজেরা সুলতানাসহ নাগরিক সমাজের অনেকে উপস্থিত ছিলেন।
আগ্রাসী ইসরায়েলকে অস্ত্রমুক্ত করতে আন্তর্জাতিক চাপ প্রয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-সমাবেশ থেকে এ দাবি জানায়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা শুরু হয়েছে। একাত্তরে যখন এ দেশেও গণহত্যা হয়েছিল, তখন ফিলিস্তিনের মানুষ বাংলাদেশের পাশে ছিল। বাংলাদেশের মানুষও মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।
সমাবেশে বাসদের খালেকুজ্জামান, বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাজ্জাদ জহির, হাসান তারিক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং নাগরিক পরিষদ ও কোয়ালিশন অব লোকাল এনজিওস, বাংলাদেশ রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।