কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এতে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইহুদিদের মদদ দিচ্ছে তারা। আমরা একে ঘৃণা করি, এর তীব্র নিন্দা জানাই।’
ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা কার্যালয়ে গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, লুঙ্গি ও শার্ট বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গাজায় মানুষের ঈদ তো দূরের কথা, তাঁদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে।
জাতিসংঘের গড়িমসির ইঙ্গিত দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘তারা কথায় কথায় বিভিন্ন দেশকে উপদেশ দেয়। অথচ গাজায় এতগুলো মানুষ মারা যাওয়ার পর তারা নিরাপত্তা পরিষদে বসেছে। উনারা তো নিরাপদে আছে, কিন্তু গাজার মানুষ নিরাপদে নেই। সেখানে সন্ত্রাসী হামলা চলছেই। সন্ত্রাসীরা যে দেশের হোক, যে জাতির হোক, যে ধর্মের হোক, তারা সন্ত্রাসী। আমরা তাদের ঘৃণা করি।’
পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয় হাজার জন গরিব ও দুস্থকে ১০ কেজি করে চাল, এক হাজার ২৫০ জনকে শাড়ি, এক হাজার ৮০০ জনকে লুঙ্গি, শার্ট, ট্রাউজার, গেঞ্জি, ২৫০ জন শিক্ষার্থীকে জামা এবং ২৫০ জন বয়স্ক, ১০৫ জন বিধবা ও ২৫ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান প্রমুখ।