গাজীপুর, কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে। এদিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধা ও তাঁর ছেলে। এ ঘটনায় চারজন আহত হয়।চন্দ্রায় গতকাল মঙ্গলবার দুপুরে মা নাছরিন আক্তার (৩২) তাঁর মেয়ে আনিচা আক্তার (২) কে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কালিয়াকৈর থেকে কোনাবাড়ী যাচ্ছিলেন। একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া অটোরিকশায় থাকা আবুল কালাম আজাদ ও সফিকুল ইসলাম গুরুতর আহত হন। এদিকে কেরানীগঞ্জ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কোনাখোলা-আঁটিবাজার সড়কের শাক্তা নতুন ভাড়ালিয়া এলাকায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আওলাদ (৪০) ও তাঁর মা রহিমা খাতুন (৬৮) ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অটোরিকশার চালক সহ চারজন।দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। বেপরোয়া গতির মিনিবাসটি আটক করে ভাঙচুর করা হয়। এ সময় মিনিবাসটির চালক হায়দারকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।