গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুর এলাকায় পত্রিকা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালিয়াকৈর-নবীনগর সড়কে গতকাল বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে শ্রমিক অসন্তোষের জের ধরে উত্তেজিত শ্রমিকেরা প্রথম আলো পত্রিকাবাহী বাসে অগ্নিসংযোগ করেছেন। এতে বাসসহ পত্রিকা পুড়ে যায়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিরার ভোর চারটার দিকে রাতের কাজ শেষে একটি নছিমন নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় নছিমনের কয়েকজন শ্রমিক আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান ও বেশ কিছু দূরে থাকা টাঙ্গাইলগামী প্রথম আলোসহ অন্যান্য পত্রিকাবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তেজিত শ্রমিকেরা ওই বাসে অগ্নিসংযোগ করেন। এতে মামণি এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-০৯৪৬) বাস ও এতে থাকা প্রায় ২৮ হাজার পত্রিকা পুড়ে ছাই হয়ে যায়। ওই বাসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, টাঙ্গাইলের মির্জাপুর, হাঁটুভাঙ্গা, পাকুল্যা, টাঙ্গাইল সদর, সরিষাবাড়ী, ঘাটাইল, সখীপুর, জামালপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রথম আলো পত্রিকা পৌঁছায়নি।বাসের মালিক আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, বাসটি ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থান করছিল। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বাসে আগুন ধরিয়ে দেন।