গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শত শত বাড়িঘর তলিয়ে গেছে। এই এলাকার বেশির ভাগ রাস্তাঘাট ডুবে গেছে পানিতে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ও জৈনা বাজারসহ বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের অভ্যন্তরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সেখানকার কয়েক লাখ মানুষ। এ ছাড়া মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার তীরবর্তী এলাকার শত শত পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। এদিকে কালিয়াকৈরের সিনাবহ এলাকায় গত মঙ্গলবার রাতে মাটির ঘর ধসে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর : কালিয়াকৈর ও শ্রীপুর (গাজীপুর): পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সিনাবহ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা কামাল মিয়ার ঘরের উত্তর পাশের দেয়াল রাত সাড়ে ১১টার দিকে ধসে পড়ে। এ সময় মাটির দেয়ালের নিচে চাপা পড়েন কামাল মিয়া (৬০), তাঁর স্ত্রী হালিমা বেগম (৫৫), তাঁদের মেয়ে পিংকি আক্তার (২২) এবং পিংকির মেয়ে মারিয়া আক্তার (২) ও ছেলে রোহান (১০)। তাদের চি ৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে হালিমা বেগমের মৃত্যু হয়। অন্যদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পিংকির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান ও প্রতিবেশী মোকলেছুর রহমান জানান, গত তিন-চার দিনের টানা বর্ষণে কামাল মিয়ার ঘরের দেয়াল দুর্বল হয়ে পড়েছিল। জয়দেবপুর চৌরাস্তার ব্যবসায়ী ইকবাল মাহমুদ জানান, তার দোকানে পানি উঠে গেছে। পানির কারণে বন্ধ রয়েছে সেখানকার অধিকাংশ দোকানপাট। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এই সড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকা ডুবে যাওয়ায় এখানকার দোকানগুলোতে পানি ঢুকে পড়েছে।কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকার আসাদুল্লাহ বাবু বলেন, পানি জমে এখানকার একটি মসজিদ, একটি মাদ্রাসা ও কয়েকটি কিন্ডারগার্টেনসহ শত শত বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও অনেক প্রতিষ্ঠান ও বসতবাড়ি।নারায়ণগঞ্জ: প্রবল বর্ষণে শহরের জনবহুল আবাসিক এলাকা ডন চেম্বার, খানপুর, মিশনপাড়া, আমলাপাড়া, প্রেসিডেন্ট রোড, গলাচিপা, জামতলা, মাসদাইর, আল্লামা ইকবাল রোড, উকিলপাড়া, নয়ামাটি, ভুঁইয়ারবাগ, বাবুরাইল, দেওভোগ, নিতাইগঞ্জ, তামাকপট্টি ও টানবাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো কোনো এলাকায় জমেছে হাঁটুপানি। জামতলা এলাকার অবস্থা সবচেয়ে নাজুক। সেখানকার বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আল্লামা ইকবাল রোডের বাসিন্দা কলেজশিক্ষক শফিকুল ইসলাম বলেন, এই সড়কের মসজিদ থেকে তোলারাম কলেজ পর্যন্ত হাঁটুপানি জমেছে। রিকশাচালকেরা এই সড়কে আসতে চান না। শহরের ডন চেম্বার এলাকার গৃহবধূ হাবিবা আক্তার অনন্যা বলেন, বৃষ্টির পানি জমে রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে। চাষাঢ়া থেকে চাঁদমারী জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বড় বড় গর্তে পানি জমে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়। এ ছাড়া ভুঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম খোকন বলেন, প্রতিষ্ঠানটি এক ফুট পানির নিচে তলিয়ে গেছে। তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছে।ডিএনডি বাঁধের অভ্যন্তরের নিচু এলাকা এক থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অব্যাহত বর্ষণে মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, নয়ামাটি, নিমাইকাশারী, সানারপাড়, টেংরা, কোদালদাহ, তুষার ধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগমারা, সাদ্দাম মার্কেট, জালকুড়ি, হাজীনগর, মাতুইয়াল, শহীদনগর, সবুজবাগ, ভুঁইঘর, দেলপাড়া, ডগাইর, মাতুয়াইল, নয়াপাড়া ও ধনকুণ্ডাসহ বিভিন্ন এলাকার অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। ডিএনডির ভেতরে শহরের তল্লা এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, পানি নিষ্কাশন ও ড্রেনেজের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ও হাসাইল-বানারী ইউনিয়নে পদ্মার পানি ঢুকে পড়ায় ৩০০ থেকে ৪০০ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। উপজেলার অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। উপজেলার চাঠাতিপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটিতে এখন বুকসমান পানি। উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা গ্রামের রাস্তাটিতেও হাঁটুপানি। মানুষ নৌকায় করে যাতায়াত করছে। নদী তীরবর্তী এলাকার টিউবওয়েলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকে নদীর পানি পান করছে। এসব এলাকায় স্যানিটেশন সমস্যাও দেখা দিয়েছে। নবাবগঞ্জ (ঢাকা): পদ্মা, কালীগঙ্গা ও ইছামতি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দোহারের নয়াবাড়ি, মাহমুদপুর, নারিশা ও বিলামপুর ইউনিয়নের হাজার হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে।বিলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, তাঁর এলাকার আলীনগর, কৃষ্ণদেবপুর ও চর বিলাশপুরের মানুষ দুই সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। তলিয়ে গেছে নবাবগঞ্জের পদ্মা নদীর তীরবর্তী জয়কৃষ্ণপুর, কৈলাইল, শোল্লা ও চুড়াইন ইউনিয়নের ফসলি জমি।