গাজীপুর, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে তিনটি লাশ উদ্ধার
গাজীপুর ও ঢাকার নবাবগঞ্জ থেকে দুই ব্যক্তি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশেরও পরিচয় পাওয়া যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: জেলার সদর হাসপাতাল সড়কের পাশ থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ধূসর রঙের ফুলপ্যান্ট ও সাদা-কালো-নীল রঙের চেক শার্ট ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সড়কের কাছে ইনসাফ ক্লিনিকের বিপরীতে রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। নবাবগঞ্জ (ঢাকা): উপজেলার পশ্চিম পাতিলঝাপ এলাকার কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানায়, ২ জুলাই বিকেল চারটায় ওই নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানার পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গায়ে হালকা নীল রঙের চেক শার্ট ছিল। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া বালু নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া বালু নদে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাথা ন্যাড়া ও বিবস্ত্র লাশটি উদ্ধার করে। লাশটি গলে গেছে।ধারণা করা হচ্ছে, লাশটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এখানে এসেছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।