গাজীপুর, সোনারগাঁ ও দোহারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাত ব্যবসাপ্রতিষ্ঠান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি জুয়েলারি দোকান ও ঢাকার দোহারে এক প্রবাসীর বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে হেকমত আলী (৫৫) নামের এক ব্যবসায়ী আহত হন।গাজীপুরের চণ্ডিতলা বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার দিবাগত রাতে ১৪-১৫ জনের একদল ডাকাত বাজারের ব্যবসায়ী হেকমত আলীর দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় হেকমত আলী বাধা দিলে ডাকাত দল তাঁর হাত পা-বেঁধে মারধর করে ফেলে রাখে। পরে বাজারের হান্নানের ওষুধের দোকান, আলম ফোন সার্ভিস, হাসান স্টোর, হাছেন আলীর মনিহারি দোকান থেকে ফ্রিজ, কম্পিউটার ও অর্থসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। আটাবাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন জানান, এক রাতে ছয়-সাতটি দোকানে ডাকাতি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর মতিন খান সুপার মার্কেটের মেসার্স খাজা বাবা জুয়েলার্সে হানা দিয়ে স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ডাকাতির ঘটনায় দোকানের মালিক মাজহারুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। তা ছাড়া একই রাতে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল ইসলাম মাঝির বাড়িতে ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ আড়াই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। দোহার থানার সহকারী উপপরিদর্শক লিটন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।