সরকারদলীয় সাংসদ তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগে শূন্য ঘোষিত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের তফসিল ঈদের আগেই ঘোষণা করা হবে। গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।সকালে সিইসির সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, বৈঠকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়। এ জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যোগাযোগ করে ৩০ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ইভিএম সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে কাজী রকিব উদ্দীন বলেন, আইন অনুযায়ী গাজীপুরে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। সে জন্য ওই এলাকার ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও বিদ্যমান তালিকাতেই নির্বাচন হবে।সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা আইনসম্মত নয়। এ বিষয়ে মতামত জানিয়ে নির্বাচন কমিশন অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে।