গাজীপুর ও আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে গতকাল মঙ্গলবার পোশাকশ্রমিকদের একটি বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ২০ শ্রমিক।এ ছাড়া গতকাল আশুলিয়ায় দুটি পৃথক বাসচাপায় এক পোশাকশ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও জয়দেবপুর থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার সরাব এলাকার তাহমিনা নিটওয়্যার কারখানার ৪০-৪৫ জন শ্রমিক নিয়ে একটি বাস কোনাবাড়ী থেকে সরাবের উদ্দেশে যাচ্ছিল। বাসটি উপজেলার ভবানীপুরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের চালকের সহকারী ঢাকার ধামরাইয়ের জালাল উদ্দিন (২৫) ও পোশাকশ্রমিক লালমনিরহাটের পাটগ্রামের নবীনগর গ্রামের মোমিনুল ইসলামের (২০) মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন শ্রমিক।খবর পেয়ে গাজীপুর শিল্প ও চক্রবর্তী ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও হতাহতদের উদ্ধার করেন। এদিকে আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে পোশাকশ্রমিক নজরুল ইসলামকে (৪২) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় শ্রমিক-জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। ডিইপিজেডের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও জনতার বাধার কারণে আগুন নেভাতে পারেনি।পরে শ্রমিক-জনতা সড়ক অবরোধ করেন। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।এর আগে গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার মীর্জানগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।