গাজীপুর ও গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর ও গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত একটায় গাজীপুরের মেম্বারবাড়ি ন্যাশনাল ফিড মিল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু হয়। আজ সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলায় ঢাকা-রংপুর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
গাজীপুরে নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৩৫)। বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাত একটার দিকে মেম্বারবাড়ি ন্যাশনাল ফিড মিলের পশ্চিম পাশের সড়কে রিপনের ট্রাকটি হঠাৎ বিকল হয়ে যায়। রিপন ট্রাকটি মেরামত করছিলেন। এমন সময় ময়মনসিংহগামী আশিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান। যান দুটি মাওনা হাইওয়ে থানাহেফাজতে আছে।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান বলেন, আজ দুপুরে কালীতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধা থেকে রাজশাহীগামী সোমা পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে রংপুরগামী আগমনী এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আগমনী এন্টারপ্রাইজের চালকসহ দুজন নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আমিরুল ইসলাম জানান, নিহত দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে বেলা একটার পর যানচলাচল স্বাভাবিক হয়।