গাজীপুর ও টাঙ্গাইল অংশে বাড়ছে যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের করটিয়া অংশে যানজট ক্রমশ তীব্র হচ্ছে। গত এক সপ্তাহে মহাসড়কটির ৪০ কিলোমিটারে প্রতিদিনই যানজট হচ্ছে। এতে একদিকে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না পণ্যবোঝাই যানবাহন। এ ছাড়া জ্বালানি খরচও আগের তুলনায় বেড়ে গেছে।
যানবাহনের চালক, যাত্রী ও পুলিশ জানায়, আগে দুর্ঘটনা ও যানবাহনের চাপ বেশি হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট লাগত। এখন মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হওয়ার পর যানজট হচ্ছে।
যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে মহাসড়কে যানজট বেশি হচ্ছে। চন্দ্রা থেকে মির্জাপুর, কুর্ণী, জামুর্কী কিংবা করটিয়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় সন্ধ্যা থেকে পরদিন বিকেল কিংবা গভীর রাত পর্যন্ত যানজট স্থায়ী হচ্ছে। ২ জুন গভীর রাতে শুরু হওয়া যানজট চন্দ্রা মোড় থেকে গোড়াই গিয়ে ঠেকে। এই যানজট পরদিন দুপুর পর্যন্ত ছিল।
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘পরিকল্পিতভাবে রাস্তা সম্প্রসারণের কাজ করছেন না সংশ্লিষ্টরা। রাতদিন সমানতালে ড্রাম ট্রাক দিয়ে মাটি ফেলা হচ্ছে। এক ট্রাক মাটি ফেলার সময় দিনে দুই-তিন মিনিট এবং রাতে পাঁচ-সাত মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে অধিকাংশ সময়ই রাতের বেলা যানজটের সৃষ্টি হচ্ছে। আগে অল্প যানজট থাকলেও ঢাকা-টাঙ্গাইল যাতায়াতে ৫০ লিটার তেল খরচ হতো। কিন্তু যানজট বেশি হওয়ায় এখন ৬৫-৭০ লিটার তেল লাগছে।’
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে জানান, কোনো দুর্ঘটনা না ঘটলেও ২ জুন রাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চালকদের আগে যাওয়ার মানসিকতা, অতিরিক্ত মালামাল বহন ও যানবাহন বিকল হয়ে যানজট লাগছে।
রাতে মহাসড়কের দুই পাশে মাটি ফেলা যানজটের অন্যতম কারণ বলে উল্লেখ করেন টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম। তিনি জানান, রাতে ট্রাক থেকে মাটি ফেলার সময় রাস্তার বিভিন্ন স্থানে প্রায় ১০ মিনিট করে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ জন্য রাতে ড্রাম ট্রাক দিয়ে রাস্তার দুই পাশে মাটি ফেলার কাজ বন্ধ রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
চার লেন সড়ক প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মাহাবুবুল আলম বলেন, ‘দিনে-রাতে মাটি ফেলার নির্দিষ্ট কোনো সময় নেই। দুর্ভোগ থেকে রেহাই পেতে মানুষকে কিছুটা কষ্ট মেনে নিতেই হবে।