গাজীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় এবং টাঙ্গাইলের মির্জাপুরে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

আমাদের টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকালে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালক গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর হোতাপাড়া এলাকার মো. কাওসার (৩৫), শিশিচালার হাতেম আলী (৪৫), জমির উদ্দিন (৩৫) এবং বগুড়ার সোনাতলা বালুরহাট এলাকার আরিফুল ইসলাম (২৪) ও কিশোরগঞ্জের কটিয়াদী বাইরহাটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. শামীম (২৮)।

প্রত্যক্ষদর্শী ও নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, আজ সকাল পৌনে নয়টার দিকে ময়মনসিংহগামী ট্রাক ও গাজীপুরগামী যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম জানান, হতাহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরালে প্রায় আধা ঘণ্টা পর যানচলাচল শুরু হয়।

আহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাগঞ্জের আছিয়া এলাকার আবদুল গণির ছেলে মো. ওবায়দুল (২৮), গাজীপুরের মাস্টারবাড়ি নতুন বাজার এলাকার ওসমান গণির ছেলে নয়ন (২২), গাজীপুরের শ্রীপুরের মাধখোলা এলাকার আমির উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন (১৮), একই এলাকার আবদুল আজিজের ছেলে মো. তৌফিক (২০), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার আবুল হোসেনের ছেলে মো. হীরা (৩৫), শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বাদশার ছেলে শ্যামল (২২), শ্রীপুরের মো. ইস্কান্দারের ছেলে মো. ইব্রাহিম  (৩০) ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বলাই কর্মকারের নাম জানা গেছে। তাঁদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত আরিফুলের পকেটে উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া গেছে। এ ছাড়া শ্যামল মিয়া ও তৌফিক আলমও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। প্রাথমিক চিকিত্সার পর পরীক্ষার জন্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আমাদের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভন্যা নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী স্কয়ার গ্রুপের একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভানের চালকসহ তিনজন এবং বাসের দুজন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা পৌনে তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় দুজন মারা যান। নিহত বা আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মো. বাহার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।