গাজীপুর ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস l ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস l ছবি: প্রথম আলো

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। একই দিন ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।

শ্রীপুরে নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার মিজানুর রহমানের মেয়ে শারমীন আক্তার ওরফে রেখা (৩৪) ও নেত্রকোনার পূর্বধলার কামালপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে সাজু মিয়া (১৭)। ধামরাইয়ে নিহত ব্যক্তিরা হলেন নান্দেশ্বরী গ্রামের ফালু মিয়ার ছেলে ইয়াকুব আলী (৪৫) ও নায়েব আলীর ছেলে আবদুস সাত্তার (৪০)।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের যাত্রী শারমীন আক্তার ও হাসপাতালে নেওয়ার পথে সাজু মিয়া মারা যান। এতে আহত হন আরও অন্তত ১০ জন। স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাদেকা বেগম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও নিহত ব্যক্তিদের পারিবার সূত্রে জানা গেছে, ইয়াকুব আলী ও আবদুস সাত্তার গতকাল বেলা ১১টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কাওয়ালিপাড়া যাচ্ছিলেন। বাড়ির অদূরে নান্দেশ্বরী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় সাটুরিয়াগামী মাটিবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। সাত্তারকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।