গাজীপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই দিন নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হন।
গাজীপুরে নিহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈরের বড়ইতলী এলাকার মনি সাহার ছেলে রানা সাহা ও তাঁদের দোকানের এক কর্মচারী। তাঁর পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার এসআই মো. আরিফুল ইসলাম বলেন, রানা সাহা গতকাল সকালে তাঁদের দোকানের কর্মচারীকে মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দীপু পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই দুজন রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে তাঁরা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যায়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, ঘটনার পর বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। বাসটি আটক করা হয়েছে।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া এলাকায় জাহাঙ্গীর ইটভাটার সামনে রিকশা চালিয়ে মোশারফ হোসেন (৬০) হাতিরদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ঢাকাগামী মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোশারফ হোসেন তালতলা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস আটক করা হয়েছে।