গাজীপুরে গতকাল বৃহস্পতিবার ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় ছাদ থেকে পড়ে এবং বজ্রপাতে দুজনের মুত্যু হয়। একই দিন নারায়ণগঞ্জে দুটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এর আগে বুধবার উচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: গাজীপুরের সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গতকাল বেলা ১১টার দিকে ঝড় বয়ে যায়। এলাকাবাসী জানান, ডেগের চালা, ঝাঝড়, ভোগড়া, ইটাহাট, নাওজোড়সহ বেশ কয়েকটি এলাকায় ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ওই সব এলাকার অর্ধশত কাঁচা-পাকা বাড়িঘর, দোকানপাট দুমড়েমুচড়ে যায়। শিলাবৃষ্টির কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। অনেক গাছপালা উপড়ে পড়ে। আধা ঘণ্টা স্থায়ী ঝড়ের সময় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে সিরাজুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়। ঝাঝড় এলাকায় বজ্রপাতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ: গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় আড়াইহাজার উপজেলায় দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি বাজার ও সত্যবান্দি মোল্লাপাড়া এলাকায় ঝড়ে কলকারখানা, দোকানপাটসহ ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় ঘরের টিনের চালের আঘাতে পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালীবাড়ি বাজার, সত্যবান্দি মোল্লাপাড়া গ্রামে হঠাৎ প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। এ সময় পুরো গ্রাম বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়ে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। অনেকেই বিভিন্ন পাকা দালানে আশ্রয় নেয়। কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ৪০ জনের কাঁচা বাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
দুপ্তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিদা মোশাররফ জানান, ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
মুন্সিগঞ্জ: বুধবার সন্ধ্যায় এক ঘণ্টার ঝড়ে ৩৩ হাজার ভোল্টের তার ছিঁড়ে গোটা জেলায় বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছের ঢাল ভেঙে তার ছিঁড়ে পড়েছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুন্সিগঞ্জে ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় শহর-লাগোয়া পশ্চিম মুক্তারপুর এলাকার ৩৩ কিলো ভোল্টের তার ছিঁড়ে গোটা জেলা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এ ছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙে ট্রান্সফরমার বিকল হয়েছে অনেক স্থানে।
এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ-বিপর্যয় ঘটার পর বিদ্যুৎ আসে রাত একটার দিকে। এর মধ্যে গতকাল বেলা দেড়টা পর্যন্ত ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় চারবার। পঞ্চসার ফিডারেও সকাল থেকে কয়েক দফা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এদিকে ঝোড়ো হাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।