গাজীপুর ও নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় ট্যাক্সিক্যাবের এক চালক এবং কালিয়াকৈর উপজেলায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একইভাবে এক শিশু নিহত হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্যাক্সিক্যাব বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাবটির চালক জাফর উল্লাহ (৪৫) গাড়িটি পেছন থেকে ঠেলে সচল করার চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই জাফর নিহত হন। জাফর ভোলার আলীনগর গ্রামের আবদুস সোবহানের ছেলে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পোশাকশ্রমিক নিহত: প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সামসুদ্দিন স্পিনিং মিলের শ্রমিক সাথী আক্তার (২০) বিকেলে কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন। বিকেল চারটার দিকে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর হ্যামটন কিন্ডারগার্টেনের সামনে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কালিয়াকৈরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে। সাথীর বাড়ি উপজেলা রাখালিয়াচালা গ্রামে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শিশু নিহত: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় শিশু শান্ত (৪) ও তাঁর বোন রুমি (৯) ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় তাদের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পাথে শান্ত মারা যায়। শান্ত ও রুমি লামাপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।