গাজীপুর ও নারায়ণগঞ্জে দুই পোশাক কারখানায় বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একই দিন বন্ধ কারখানা খুলে দেওয়া ও ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
গাজীপুরের কারখানাটির নাম হানিওয়েল গার্মেন্টস লিমিটেড। কারখানার শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকদের গত জুন মাসের বেতন ঈদের আগে দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ ঈদের পর ১৮ জুলাই বেতন দেওয়ার আশ্বাস দেয়। তবে গতকাল পর্যন্ত সেই বেতন পাননি শ্রমিকেরা। ফলে কারখানার প্রায় ৬০০ শ্রমিক গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক মোরশেদা আক্তার বলেন, ‘ঘরে খাবার নেই। বেতন না পাওয়ায় ঈদে ছেলেমেয়েদেরও নতুন জামাকাপড় দিতে পারিনি। বাসাভাড়া ও দোকানের বাকিও পরিশোধ করতে পারিনি। মালিকপক্ষ বারবার বেতন দেওয়ার তারিখ দিচ্ছে, আর পেছাচ্ছে।’
জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী অঞ্চলের পরিদর্শক আবদুল খালেক বলেন, কয়েক মাস ধরে ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ঠিকমতো বেতন দেয় না। ফলে কিছুদিন পরপরই শ্রমিক বিক্ষোভ হয়।
এদিকে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত রপ্তানিমুখী ক্যাডটেক্স পোশাক কারখানা ঈদের পর থেকে বন্ধ রয়েছে। কারখানার শ্রমিকেরা জানান, ঈদের ছুটি শেষে ১২ জুলাই এসে তাঁরা কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ পান। সেখানে ২৫০ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশও দেওয়া হয়েছিল। এ ঘটনার পর থেকে শ্রমিক বিক্ষোভ চলছে। বন্ধ কারখানা খুলে দেওয়া এবং ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক রুবিনা আক্তার। বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম,প্রমুখ।
বক্তারা বলেন, মালিকপক্ষ কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করেছে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে আড়াই হাজার শ্রমিকের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা বিকেএমইএ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেও সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।