গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের অবরোধ-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানার এক কর্মকর্তা গতকাল বুধবার সকালে বাসচাপায় নিহত হওয়ার জের ধরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন। এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে। এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি পোশাক কারখানায় হঠাৎ তালা লাগিয়ে দেওয়ার প্রতিবাদে ও চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার এপিএম শাহিন আলম শেখ (৩২) গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে সাভার থেকে মোটরসাইকেলে কারখানায় আসছিলেন। তিনি কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বাসচাপায় কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে কারখানার পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। সড়ক অবরোধের ফলে ওই স্থানের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে, কারখানার কর্মকর্তা নিহত হওয়ায় এবং শ্রমিকদের শান্ত রাখতে কর্তৃপক্ষ কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে। কারখানার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, কর্মকর্তার মৃত্যু ও শ্রমিকদের শান্ত রাখতে কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শাহিন আলম শেখ নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের ইউছুব আলী শেখের ছেলে। এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি পোশাক কারখানায় তালা লাগানোর প্রতিবাদে ও চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। পরে কারখানার মালিকপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দ্রুত কারখানা চালু ও বেতন দেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। গতকাল বুধবার সকালে বরপা এলাকার রবিন টেক্স গার্মেন্টসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শ্রমিকদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, বুধবার সকালে কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে গেটে তালা ঝোলানো দেখতে পান। নোটিশ ছাড়াই মিল গেটে তালা ঝোলানো ও চলতি মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। পরে কারখানার মালিকপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত কারখানা চালু ও বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রশিদ সাংবাদিকদের জানান, বিদ্যুতের বিল বকেয়া থাকায় কারখানায় তালা ঝুলিয়েছেন ভবনের মালিক। তাঁরা ভবনের মালিকের সঙ্গে বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন।