গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল প্রাইভেট কারের চাপায় রিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন।
গাজীপুরে নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের আনিছুর রহমান (৩২), শাহজাহান মিয়া (৩৫) এবং ঝালকাঠির ডলি আক্তার (২২)। রূপগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কুলিকান্দা এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও রকিব (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাজেন্দ্রপুর থেকে একটি যাত্রীবাহী লেগুনা জয়দেবপুর চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার যাত্রী আনিছুর মারা যান এবং আহত শাহজাহানকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাউছার জানান, সোমবার রাতে ডলি আক্তার নামে পোশাক কারখানার এক শ্রমিক সালনা টিএনটি গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাঁকে চাপা দেয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দিঘিরচালা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, রাত আটটার দিকে তিন বন্ধু রিকশাযোগে ভুলতা থেকে গোলাকান্দাইল ফিরছিলেন। পথে একটি প্রাইভেট কার রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক আবুল কালাম নিহত হন। আহত হন রিকশারোহী তিন বন্ধু। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রকিবের মৃত্যু হয়। প্রাইভেট কারসহ চালককে আটক করা হয়েছে।