গাজীপুর ও মানিকগঞ্জে তিনজন খুন, লাশ রেখে পালালেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি
গাজীপুর ও মানিকগঞ্জে তিনটি পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন৷ এ ছাড়া টঙ্গী সরকারি হাসপাতালে এক নারীর লাশ ফেলে তাঁর স্বামী পালিয়ে গেছেন৷
খুন হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রানা হিজল গ্রামের বুধু চন্দ্র দাসের ছেলে ভ্যানচালক অজয় চন্দ্র দাস (৩০) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াবাঁধা গ্রামের হামেদ আলীর ছেলে আক্কাস আলী (৩৮)৷ এই দুই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গাজীপুরে আরেক নারীর বস্তাবন্দী লাশ পাওয়া গেছে৷ তাঁর পরিচয় জানা যায়নি৷
হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা: গাজীপুরের টঙ্গী মডেল থানার পুলিশ ও এলাকাবাসী জানান, টঙ্গীর সাতাইশ এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ভ্যান চালাতেন অজয় দাস৷ গত সোমবার দুপুরে এলাকার মানিক রাজবংশীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়৷ উভয়ের মধ্যে মারামারির একপর্যায়ে মানিক রাজবংশী একটি হাতুড়ি দিয়ে অজয়ের মাথায় আঘাত করেন৷ এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন৷ পরে আশপাশের লোকজন অজয়কে উদ্ধার করে ঢাকার উত্তরার একটি ক্লিনিকে ভর্তি করেন৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুর আলী বলেন, হত্যার ঘটনায় মানিক রাজবংশীকে গ্রেপ্তার করা হয়েছে৷ লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
নিখোঁজের চার দিন পর লাশ: নিখোঁজের চার দিন পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াবাঁধা গ্রামের একটি ভুট্টাখেত থেকে গতকাল ভোরে আক্কাস আলী (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷ এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শিউলি বেগম হত্যা মামলা করেছেন৷ মামলায় আক্কাস আলীর ভাই-বোনসহ নয়জনকে আসামি করা হয়েছে৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার এসআই হাসমত উল্লাহ নিহত ব্যক্তির স্ত্রীর বরাত দিয়ে জানান, বেশ কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আক্কাসের সঙ্গে তাঁর ভাই-বোনদের বিরোধ চলছিল৷ এ নিয়ে গ্রামে সালিস-বৈঠকও হয়৷
এসআই জানান, হত্যার ঘটনায় নিহত ব্যক্তির বোন রহিমা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে৷ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে৷
বস্তাবন্দী লাশ উদ্ধার: গাজীপুর সদর উপজেলার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিটি করপোরেশনের ফেলা ময়লা-আবর্জনার স্তূপে পথশিশুরা গতকাল সকাল ১০টার দিকে একটি বস্তার মধ্যে এক নারীর লাশ দেখতে পায়৷
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে৷ বয়স আনুমানিক ৪০ বছর৷ পরনে শাড়ি ছিল৷ পুলিশের ধারণা, তিন চার দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশ তিনটি বস্তার ভেতরে ঢুকিয়ে ওই স্থানে ফেলে পালিয়ে যায়৷ কোনাবাড়ী ফাঁড়ির এসআই রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
লাশ রেখে স্বামীর পলায়ন: টঙ্গী সরকারি হাসপাতাল থেকে জানা গেছে, টঙ্গীর দত্তপাড়া এলাকার মিজান গতকাল দুপুর বেলা ১২টার দিকে তাঁর স্ত্রী সুমিকে (২৫) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এক ফাঁকে মিজান স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যান৷ খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান চৌধুরী জানান, মিজান তাঁর স্ত্রীকে মৃত অবস্থায় রেখে যান৷ নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে৷