গাজীপুর ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নবীনগর-কালিয়াকৈর সড়কে রাস্তা পার হওয়ার সময় গতকাল মঙ্গলবার সকাল আটটায় বাসচাপায় সানোয়ার হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
অপরদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক রিকশাচালকের (৪৫) মৃত্যু হয়েছে।
নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস চান্দনা চৌরাস্তা এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় চালক রিকশা থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।
এদিকে টঙ্গীর ভাদাম ও বোর্ডবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন লাভলী বেগম (২১) ও রবিউল ইসলাম (৩০)। টঙ্গী থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বোর্ডবাজার এলাকায় গতকাল সকালে মেহমানদের বাসে উঠিয়ে দিয়ে ফেরার পথে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান রবিউলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। পথচারীরা তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দশআনা গ্রামের আবদুল কাফি মিয়ার ছেলে।
এদিকে গত সোমবার রাতে টঙ্গীর ভাদাম এলাকায় পোশাক কারখানা ছুটি শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান লাভলী বেগমকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হন। তাঁদের একজন হলেন সুমন হাসান (২২)। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: ঢাকা-রাজশাহী রেলপথের গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তাঁর পরনে নীল রঙের চেক লুঙ্গি এবং কালো গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক দাদন মিয়া জানান, গতকাল ভোররাতে একটি ট্রেনে কাটা পড়ে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।