গাজীপুর ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার দুটি পৃথক দুর্ঘটনায় তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন মারা গেছেন।
গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে এক যুবকের নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
দুপুরে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী এক বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল মামুন (১৯) নামের এক পথচারী নিহত হন। আহত হন একজন। নিহত মামুন ময়মনসিংহের গৌরীপুর থানার পশ্চিমপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। আহত যুবকের নাম জানা যায়নি। গাড়ি দুটি আটক করা হলেও চালকদের আটক করা যায়নি বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঘের বাজার এলাকায় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে লেগুনার তিন নারী যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে আরও পাঁচ যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার উকিয়ারা গ্রামের শহীদুল ইসলাম (৩৫), শিবালয় উপজেলার উথলী গ্রামের আলমগীর হোসেন (২৮) ও একই উপজেলার মহাদবেপুর গ্রামের রাজিবুল ইসলাম (৩০)।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে একটি মোটরসাইকেলে করে আলমগীর ও রাজিবুল শিবালয় উপজেলার ইছাইল এলাকায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া এলাকায় বিপরীত থেকে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।
এর আগে সকাল ছয়টার দিকে একই মহাসড়কের সদর উপজেলার মুলজান এলাকায় এনএনবি পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী শহীদুল ঘটনাস্থলে নিহত হন ও আরও ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১১ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।