গাজীপুর ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাজীপুরের কালিয়াকৈর ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল শুক্রবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এর মধ্যে কালিয়াকৈরে একটি ট্রাক একটি টেম্পোকে চাপা দেয়। শ্রীনগরে একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার ধামরাই উপজেলার ধানতারা এলাকার সবজি ব্যবসায়ী জয়নাল আবেদিন (৩৫) ও ওয়াহেদ আলী (২৮), কেরানীগঞ্জ উপজেলার চরগুলগুলিয়া এলাকার নেছারউদ্দিন (৩৫) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের হাবিবুর রহমান (৪২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালিয়াকৈরের হরতকীতলা এলাকার বন বিভাগের তল্লাশিচৌকির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সকাল পৌনে আটটার দিকে একটি ট্রাকের ধাক্কায় একটি টেম্পো উল্টে যায়। এরপর টেম্পোকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন টেম্পোর সাত যাত্রী। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সবজি ব্যবসায়ী জয়নাল ও ওয়াহেদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর সিদ্দিক বলেন, আহত অন্যদের কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীনগর থানার পুলিশ জানায়, মাছ কিনতে পাঁচ ব্যক্তি গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে লৌহজং উপজেলার মাওয়াঘাটে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে শ্রীনগরের ভূইচিত্র এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন সাইদুর (৩৫), হান্নান (২৫), রাজা (৪০) ও নাজির (৩০)। তাঁদের ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তরমুজবোঝাই ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।