গাজীপুর ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন একজন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ওই সব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের কারোরই পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাহার আলম বলেন, বুধবার গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় বিমানবাহিনীর প্রকল্প এলাকার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগিবোঝাই একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিতে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাকে থাকা কমপক্ষে ২০০ মুরগি মারা যায়। ট্রাক দুটি পরে উদ্ধার করে ফাঁড়িতে এবং লাশ দুটি হাসপাতালে পাঠানো হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক আবু দাউদ জানান, গতকাল ভোরে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রী (৩৫) মারা যান। আহত হন লেগুনার আরও চার যাত্রী। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে মালবোঝাই দুটি কাভার্ড ভ্যান ও একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা এক চালক (২৫) মারা যান। জুয়েল মিয়া (৩০) ও আহম্মেদ উল্লাহ (২২) নামে দুজন আহত হন। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত চালকের লাশ পুলিশ উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।