ফরমালিনবিরোধী অভিযানে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এবং রাজধানীর গাবতলী ও ধোর এলাকায় বিপুল পরিমাণ ফল ধ্বংস করেছেন পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত৷
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ফরমালিনযুক্ত ফল গাজীপুরের চন্দ্রা হয়েই ঢাকা ও আশপাশের এলাকায় পেঁৗছায়৷ তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সকাল থেকে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ৷ এ সময় যানবাহনে তল্লাশি ও ট্রাক থামিয়ে বিপুল পরিমাণে আম ও লিচু আটক করা হয়৷ যেসব আম ও লিচুর মধ্যে ফরমালিন নেই, সেগুলো ছেড়ে দেওয়া হয়৷ আর ফরমালিনযুক্ত ফলমূলগুলো মহাসড়কে ফেলে গাড়ি দিয়ে ধ্বংস করা হয়৷
এদিকে গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত গাবতলীতে ৩২০ মণ আম, ১০ হাজার লিচু ও ৩২ মণ জাম এবং ধোর এলাকায় ৬০ কেজি আম ধ্বংস করা হয়৷ এ সময় ছয়জনকে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়৷ গত দুই দিনে গাবতলী ও ধোরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমের দায়িত্বে ছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী, সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরিফ প্রমুখ৷