গাজীপুর ও সাভারে বিপুল পরিমাণে আম লিচু ধ্বংস
ফরমালিনবিরোধী অভিযানে গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এবং রাজধানীর গাবতলী ও ধোর এলাকায় বিপুল পরিমাণে ফল ধ্বংস করেছেন পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত৷
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ফরমালিনযুক্ত ফল গাজীপুরের চন্দ্রা হয়েই ঢাকা ও আশপাশের এলাকায় পৌঁছায়৷ তাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল সকাল থেকে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ৷ এ সময় যানবাহনে তল্লাশি ও ট্রাক থামিয়ে বিপুল পরিমাণে আম ও লিচু আটক করা হয়৷ যেসব আম ও লিচুর মধ্যে ফরমালিন নেই, সেগুলো ছেড়ে দেওয়া হয়৷ আর ফরমালিনযুক্ত ফলমূলগুলো মহাসড়কে ফেলে গাড়ি দিয়ে ধ্বংস করা হয়৷
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, অতিরিক্ত জেলা হাকিম মো. মহসিন, জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ৷