মজুরি বোর্ড ঘোষিত খসড়া বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আবার ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৪০ জন শ্রমিক আহত হন। ছুটি ঘোষণা করা হয় ৬২ কারখানায়।
খসড়া বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে সাভারের হেমায়েতপুরের যমুনা গ্রুপ, ব্যাবিলন ও স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা সকাল আটটার দিকে কারখানা থেকে বেরিয়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই এলাকার অন্তত আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে শ্রমিকেরা মিছিল নিয়ে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ব্যবহার করে। এতে উত্তেজিত হয়ে শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান। খবর পেয়ে সাভার থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
একই দাবিতে সাভারের উলাইল এলাকার আনলিমা ও এইচআরসহ আরও অন্তত তিনটি, রাজাসন এলাকার সাভার টেক্সটাইল ও জিকে গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানায় গেলেও কাজ না করে ফিরে যান।
আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা গতকাল বন্ধ থাকায় সেখানকার পরিস্থিতি শান্ত ছিল।
গাজীপুরের কোনাবাড়ী ও তিন সড়ক এলাকায় সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ শ্রমিক আহত হন। এ পরিস্থিতিতে গতকাল কোনাবাড়ী ও তিন সড়ক এলাকার অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে অবরোধ করেন। সকাল নয়টার দিকে পুলিশ এসে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হন। জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, এলাকায় নিরাপত্তার স্বার্থে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গীর মিলগেট এলাকার মোহামঞ্চদিয়া পোশাক কারখানার শ্রমিকেরা সকালে ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়। নিরাপত্তার কারণে ওই এলাকার তুষোকা, অ্যামট্রানেট, পিনাকি ও যমুনা কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. মানিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ওপেক্স অ্যান্ড সিনহা পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়। পরে মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
পোশাক কারখানার কয়েকজন শ্রমিক জানান, কিছুদিন আগে বিনা কারণে ৭৩ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তাঁরা তিন দিন ধরে কর্মবিরতি পালন করছেন। মালিকপক্ষ ওই শ্রমিকদের চাকরি পুনর্বহাল না করা পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অব.) দেলোয়ার হোসেন জানান, যেসব শ্রমিক বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাঁদের চিহ্নিত করে বেতন-ভাতা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।