গাজীপুর ও সাভারে শ্রমিকদের বিক্ষোভ, বাজারে আগুন
মজুরি বোর্ডের প্রস্তাবিত নতুন বেতনকাঠামো চলতি মাস থেকেই কার্যকর করা এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল রোববার গাজীপুর ও ঢাকার সাভারে বিক্ষোভ-ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার স্ট্যান্ডার্ড গার্মেন্টস ও কারখানার পাশের একটি কাঁচাবাজারে আগুন ধরিয়ে দেন। এতে বাজারের ৩০টি দোকান পুড়ে গেছে। শ্রমিকেরা টঙ্গীর ভিয়েলাটেক্স কারখানায় ভাঙচুর ও আগুন দেন। একই দিন ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের টঙ্গীতে প্রায় ১০০, কোনাবাড়ী ও কাশিমপুরে ২৫-৩০টি ও আশুলিয়ায় ৩০টি কারখানায় গতকাল ছুটি ঘোষণা করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা গতকাল বন্ধ ছিল। সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়া ও মজুরি বোর্ডের প্রস্তাবিত নতুন বেতনকাঠামো চলতি মাস থেকেই কার্যকর করার দাবি জানান। কয়েকজন শ্রমিক আবার সোয়েটার কারখানার শ্রমিকদের দৈনিক হাজিরা ন্যূনতম ২০০ টাকা ও সোয়েটার তৈরির মজুরি বাড়ানোর দাবি জানান। এ সময় এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দিলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে এলাকাবাসী শ্রমিকদের ধাওয়া করছেন—এমন খবর পেয়ে মেডিটেক, গ্রিনল্যান্ড, এমএম সোয়েটার লিমিটেডসহ কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শ্রমিকেরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক স্ট্যান্ডার্ড গার্মেন্টসের ঝুটের স্তূপে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণ পর শ্রমিকেরা ওই কারখানার পাশে একটি কাঁচাবাজারে আগুন দেন। এতে বাজারের ৩০টি দোকান পুড়ে যায়।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর এলাকার ডেল্টা গ্রুপ, ডিবিএল গ্রুপ, কটন ক্লাবসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে ইটপাটকেল ছোড়েন। বেলা ১১টার দিকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।
টঙ্গী (গাজীপুর): সকাল নয়টার দিকে টঙ্গীর সাতাইশ রোডের মাসকো কটন কারখানাসহ কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা নতুন বেতনকাঠামো চলতি মাস থেকে কার্যকরের দাবিতে বিক্ষোভ শুরু করেন। সাড়ে নয়টার দিকে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে গাজীপুরা থেকে সাতাইশ রোডে অবস্থিত কমপক্ষে ৫০টি পোশাক কারখানার সামনে গিয়ে তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। সব কারখানায় গতকালের জন্য ছুটি ঘোষণা করলে অনেক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। কিন্তু ভিয়েলাটেক্স কারখানার শ্রমিকেরা বের হতে দেরি করলে বিক্ষোভকারীরা কারখানায় ভাঙচুর শুরু করেন। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা কারখানার আসবাব ভাঙচুর করেন এবং কার্যালয়ে কিছু নথিপত্রে আগুন ধরিয়ে দেন।
সাভার: সকাল আটটার দিকে আশুলিয়ার বেরন এলাকার নেট কালেকশন, ঘোষবাগের ন্যাচারাল ডেনিম ও জামগড়ার ইয়াগী নামের তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস ও খাবারের টাকা সর্বনিম্ন মজুরি বোর্ড প্রস্তাবিত বেতনকাঠামোর মধ্যে আছে কি না, জানতে চান। কর্তৃপক্ষ গেজেট প্রকাশের পর বিষয়টি জানানোর কথা বললে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে শিমুলতলা থেকে বেরন পর্যন্ত আবদুল্লাপুর-বাইপাইল সড়কে অবস্থিত অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়ার এনভয় গ্রুপের অন্যতম মালিক আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতনকাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। ওই কাঠামোর মধ্যে শ্রমিকদের খাবার ভাতাও আছে। হাজিরা বোনাস এর বাইরে। নতুন বেতনকাঠামোর গ্রেড অনুযায়ী সব শ্রমিক কর্মচারীর বেতন ও সুযোগ-সুবিধা বাড়বে। শ্রমিকেরা এসব খতিয়ে না দেখে আন্দোলন করছেন।