মজুরি বোর্ড ঘোষিত খসড়া বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আবার ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। ছুটি ঘোষণা করা হয় ৬২ কারখানায়।
সাভারের হেমায়েতপুরের যমুনা গ্রুপ, ব্যাবিলন ও স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা সকাল আটটার দিকে কারখানা থেকে বেরিয়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই এলাকার অন্তত আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে শ্রমিকেরা মিছিল নিয়ে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ব্যবহার করে তারা। এতে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে সাভার থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুরের কোনাবাড়ী ও তিন সড়ক এলাকায় সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ শ্রমিক আহত হন। এ পরিস্থিতিতে গতকাল কোনাবাড়ী ও তিন সড়ক এলাকার অর্ধশত কারখানা ছুটি ঘোষণা করা হয়।
টঙ্গীর মিলগেট এলাকার মোহামঞ্চদিয়া পোশাক কারখানার শ্রমিকেরা সকালে ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়। নিরাপত্তার কারণে ওই এলাকার তুষোকা, অ্যামট্রানেট, পিনাকি ও যমুনা কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ওপেক্স অ্যান্ড সিনহা পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পুলিশ মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়। মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।