গাজীপুর ও সোনারগাঁয়ে দুই ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার দুই ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় এক ব্যবসায়ীর দুই ভাইকে জখম করা হয়।
নিহত ব্যবসায়ীরা হলেন গাজীপুর সদর উপজেলার বারবৈকা এলাকার রাত কেব্ল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মো. শাহাদত হোসেন (২৫) ও সোনারগাঁর জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে অবস্থিত প্রিন্স স্টুডিওর স্বত্বাধিকারী মো. শাহীন (৪০)।
জয়দেবপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, বারবৈকা এলাকায় শাহাদত হোসেন, রহিম মিয়া ও মনির হোসেন দীর্ঘদিন একসঙ্গে কেব্ল নেটওয়ার্কের ব্যবসা করেছেন। প্রায় এক বছর আগে ঝগড়া হলে তাঁরা পৃথকভাবে ব্যবসা শুরু করেন। তখন থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে শাহাদত বারবৈকা এলাকার বাড়ি থেকে বের হয়ে কিছুদূর গেলেই কয়েকজন সন্ত্রাসী শাহাদতকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। শাহাদত মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এ সময় শাহাদতকে রক্ষা করতে তাঁর বড় ভাই দেলোয়ার হোসেন (৩৭) ও রিপন মিয়া (৩২) এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে চিকিৎসকেরা শাহাদতকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, এর আগেও ওই হামলাকারীরা চান্দনা চৌরাস্তা এলাকায় শাহাদতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ আটকও হয়নি।
সোনারগাঁ থানার পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল সকালে সন্ত্রাসীরা একটি সাদা মাইক্রোবাসে করে মিরেরটেক বাজারে প্রিন্স স্টুডিওতে আসে। তারা ছবি তোলার কথা বলে স্টুডিওর মালিক শাহীনকে স্টুডিওর কক্ষে নিয়ে যায়। পরে তারা দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।
শাহীনের ছোট ভাই জুয়েল হোসেন বলেন, ‘আমাদের প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, সম্প্রতি বাঘরী এলাকায় অটোরিকশাচালক মামুন হত্যা মামলার আসামিরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। শাহীন এ হত্যাকাণ্ডের বিষয়ে অনেক কিছু জানতেন বলে তাঁকে হত্যা করা হতে পারে।