গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্রে নারীর ঝুলন্ত লাশ
গাজীপুরের কোনাবাড়ীতে সরকারি কিশোরী উন্নয়ন কেন্দ্রের একটি কক্ষ থেকে গত মঙ্গলবার মনিরা বেগম (৩০) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মনিরা ঢাকার দোহার উপজেলার মালিকাথা এলাকার আশরাফ আলীর স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে কিশোরী উন্নয়ন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা শংকর চরণ সাহা জানিয়েছেন।কেন্দ্র থেকে জানা যায়, মনিরা আগে ঢাকার মিরপুরে সরকারি আশ্রয়কেন্দ্রে ছিলেন। সেখান থেকে গত ৩১ ডিসেম্বর তাঁকে কোনাবাড়ীতে সরকারি কিশোরী উন্নয়ন কেন্দ্রে আনা হয়। মঙ্গলবার দুপুরে কেন্দ্রের একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখা যায়। কেন্দ্রের কর্মীরা তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে মনিরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর গলায় কালো দাগ রয়েছে। পরে বিষয়টি জয়দেবপুর থানায় জানানো হয়। থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন বলেন, ‘মানসিক প্রতিবন্ধী ওই নারীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সদর হাসপাতাল মর্গে লাশটির ময়নাতদন্ত করা হয়েছে।’