গাজীপুর ঘুরে দেখলেন রানি ম্যাক্সিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং সেবার বাইরে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় এনে অর্থনৈতিক প্রক্রিয়া অন্তর্ভুক্তি জোরদারে বাংলাদেশের আরও পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।
গতকাল মঙ্গলবার রানি ম্যাক্সিমা গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় তিনি সেখানে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগী লোকজনের সঙ্গে কথা বলেন।
জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা-বিষয়ক বিশেষ দূত রানি ম্যাক্সিমা গত সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সফরের দ্বিতীয় দিনের শুরুতে তিনি গাজীপুরায় ভিয়েলাটেক্স নামের পোশাক তৈরির কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স (বুটিক ফ্যাশন) কারখানা পরিদর্শনে যান। কারখানাটি ব্র্যাক ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রকল্পের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং অন্যান্য দুর্ঘটনার প্রসঙ্গ টেনে রানি দরিদ্র জনগোষ্ঠীকে বিমার আওতায় আনা, ব্যাংক হিসাব খোলা এবং ঋণের সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এসব জনগোষ্ঠীর জন্য এ সুবিধা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
রানি ম্যাক্সিমার গাজীপুর সফরের সময় গতকাল অন্যদের মধ্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক
সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স উপস্থিত ছিলেন।
সফরের শেষ দিনে রানি ম্যাক্সিমার আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে রানি ম্যাক্সিমা বাংলাদেশে এসেছেন। নেদারল্যান্ডসের রানি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ২০০৯ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছেন।