গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে চতুর্থবারেও গাজীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন হলো না। সবশেষ নির্ধারিত দিন ছিল গতকাল শনিবার। কিন্তু সম্মেলনের আগের রাতে (শুক্রবার) কেন্দ্রীয় নেতৃত্ব গাজীপুর জেলা কমিটি ভেঙে দিলে শেষ মুহূর্তে তা আপনাআপনিই বাতিল হয়ে যায়। এ নিয়ে সম্মেলনকে ঘিরে গত ১০ দিন ধরে যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, তার আপাত অবসান হলো। গত ৬ জুলাই সংগঠনের সদ্য সাবেক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের অধীন নয়টি শাখার মধ্যে পাঁচটি শাখা কমিটি ভেঙে দিলে কোন্দল চরমে ওঠে। এ নিয়ে জেলা কমিটিতে বিতর্ক ও বিভক্তি দেখা দেয়। এ অবস্থায় জেলা কমিটি ভেঙে দেওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকবিরোধীরা জয়ী হয়েছেন বলে তাঁরা মনে করছেন।ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, জেলা পর্যায়ে ছাত্রলীগের প্রতিবছর সম্মেলন হওয়ার নিয়ম। কিন্তু গাজীপুর জেলা কমিটির শেষ সম্মেলন হয় ২০০৩ সালে। সম্মেলনের দুই বছর পর (১১ মার্চ ২০০৫) নতুন নেতৃত্ব দায়িত্ব পায়। অবশ্য ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ২০০৬ সালের ২৫ মার্চ। জেলা কমিটির অধীন নয়টি শাখা কমিটির বয়সও পাঁচ থেকে ১০ বছর। সদ্য সাবেক জেলা কমিটির সভাপতি আনিছুর রহমান আরিফ জানান, জেলা কমিটির সম্মেলনের আগে নিয়ম অনুযায়ী অধীন কমিটিগুলোর সম্মেলন হবে। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও যে পাঁচটি শাখা সম্মেলন করতে ব্যর্থ হয়, যেসব ভেঙে দেওয়া হয়। এর পেছনে কোনো পক্ষপাত নেই বলে তিনি দাবি করেন।শাখা কমিটি ভাঙতে গিয়ে জেলা কমিটির বর্তমান পরিণতি সম্পর্কে আনিছুর রহমান বলেন, যাঁরা নেতৃত্ব ছাড়তে চান না, তাঁরাই সম্মেলন পণ্ডের জন্য দায়ী।