গাজীপুর-টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ও টঙ্গীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আজ সকাল আটটার দিকে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হতাহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চন্দ্রা থেকে কয়েকজন যাত্রী নিয়ে লেগুনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। লেগুনাটি চন্দ্রা ফরেস্ট অফিসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনজন মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
টঙ্গী: শিলমুল এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে একটি ট্রাকের চাকা ফেটে যায়। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশে থাকা যাত্রীবাহী লেগুনার ওপর উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে লেগুনার এক যাত্রী নিহত হন। আহত হন সাতজন যাত্রী।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের টঙ্গী ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।