গাজীপুর-টঙ্গীর'দূরত্ব' ঘোচাতে মরিয়া আজমত ওমান্নান
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে এসে ‘দূরত্ব’ ঘোচাতে মরিয়া প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও আজমত উল্লা খান টঙ্গীর মানুষ হিসেবেই বেশি পরিচিত। তাই গাজীপুর সদরে তাঁর কোনো ভোটব্যাংক গড়ে ওঠেনি। আর গাজীপুর সদরের বাসিন্দা এম এ মান্নান ১৯৯৬ সালের পর গাজীপুর সদরকেন্দ্রিক, টঙ্গী থেকে তিনি অনেকটাই দূরে।
১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লার গাজীপুরের দূরত্ব ঘোচাতে ভরসা স্থানীয় দুই সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক ও জাহিদ আহসান। আর ১৮ দল-সমর্থিত মান্নান তাঁর টঙ্গীর দূরত্ব ঘোচাতে নির্ভর করছেন সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকারের ওপর। হাসান সরকারকে মান্নানের প্রধান নির্বাচনী সমন্বয়ক করা হয়েছে। অন্যদিকে জাহিদ আহসান হলেন আজমত উল্লার নির্বাচনী সমন্বয় কমিটির সচিব।
স্থানীয় ভোটার ও দুই শিবিরের নেতারাই মনে করছেন, স্থানীয়ভাবে দুই প্রার্থীর দূরত্ব ঘোচাতে যাঁরাই আন্তরিকতা ও দক্ষতা দেখাবেন, জয় হবে তাঁদের। স্থানীয় ভোটাররা জানান, আজমত উল্লা ও জাহিদ আহসানের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। অন্যদিকে মান্নান ও হাসান উদ্দিনের দ্বন্দ্ব গাজীপুরে দীর্ঘদিনের। ২০০১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মান্নান প্রার্থী হলে হাসান উদ্দিনের পরাজয় নিশ্চিত হয়। ফলে হাসান উদ্দিন নির্বাচনে মান্নানকে সমর্থন দেবেন কি না, তা নিয়ে শঙ্কা ছিল। তবে মান্নানের সমর্থকেরা দাবি করছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে হাসান উদ্দিন জোরালোভাবে মাঠে নেমেছেন।
গাজীপুরের ইতিহাস গ্রন্থের রচয়িতা ও গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, দলীয় ভোট তো ভাগ হবেই। এখন দেখার বিষয়, জাহিদ ও হাসান উদ্দিনের মধ্যে কে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত অবস্থান বেশি কাজে লাগাতে পারেন।
স্থানীয় ভোটার ও রাজনীতিকেরা জানান, গাজীপুর-২ আসন থেকে ১৯৯১ সালে সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হন এম এ মান্নান। ১৯৯৬ সালে তিনি আহসান উল্লাহ মাস্টারের কাছে হেরে যান। ২০০১ সালে মনোনয়ন পান হাসান উদ্দিন। মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তখন থেকে টঙ্গী বিএনপির নিয়ন্ত্রণ চলে যায় হাসান উদ্দিনের হাতে। এর পর থেকেই মূলত টঙ্গীর সঙ্গে মান্নানের যোগাযোগ কমে যায়।
জানতে চাইলে হাসান উদ্দিন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। স্থানীয় বিএনপি মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।’
অন্যদিকে আজমত উল্লা টঙ্গী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। পৌর এলাকার জলাবদ্ধতা ও সড়কের দুরবস্থা নিয়ে নানা সমালোচনা হলেও টঙ্গীতে তাঁর একটা ভোটব্যাংক গড়ে উঠেছে। কিন্তু গাজীপুর সদর এলাকায় তাঁর তেমন শক্ত অবস্থান গড়ে ওঠেনি। গাছা ও পুবাইল ইউনিয়ন কয়েক মাস আগে টঙ্গী পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। এ দুই ইউনিয়নেও তাঁর প্রত্যক্ষ প্রভাব তৈরি হয়নি। এ অবস্থায় গাজীপুর অংশে প্রচারণার সময় আজমত উল্লা বারবারই এখানকার প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারকে টেনে আনছেন। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দিয়ে ভোটারের মন জয় করার চেষ্টা করছেন।
আহসান উল্লাহর ছেলে জাহিদ আহসান বলেন, টঙ্গী-গাজীপুরে তাঁর বাবার জনপ্রিয়তা আজমতের পক্ষে যাবে। জাহাঙ্গীরকে পরোক্ষ সমর্থন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এগুলো বাজে কথা।’
কাজ করছে ভবিষ্যৎ স্বার্থ: গাজীপুর-টঙ্গীতে মান্নান ও আজমতের জয়-পরাজয়ের ওপর জাহিদ আহসান ও হাসান উদ্দিনের ভবিষ্যৎ রাজনীতি অনেকটা নির্ভর করছে। কারণ, আজমত মেয়র পদে পরাজিত হলে গাজীপুর-২ আসনে মনোনয়ন চাইতে পারেন। এ জন্যই আজমতের পক্ষে আটঘাট বেঁধে নেমেছেন তিনি। একইভাবে মান্নান হারলে তিনিও জাতীয় নির্বাচনে হাসান উদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। তাই তিনিও মান্নানের পক্ষে মরিয়া। তবে এ দুজনের দক্ষতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে দুই প্রার্থীর জয়-পরাজয়।