গাজীপুর ট্রলারডুবি, এক শ্রমিকের লাশ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে শ্রমিক বহনকারী ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম লিমন মিয়া (২০)। লিমনের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, তাঁর বাবার নাম কাজল মিয়া। বাড়ি শ্রীপুরের জামালপুর এলাকায়।
আজ মঙ্গলবার সকালে ওই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রাণ কোম্পানির ৫০ জনের বেশি শ্রমিক ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর এলাকা থেকে সকালে প্রাণ কারখানার ওই শ্রমিকেরা ট্রলারে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তাঁরা পার্শ্ববর্তী নরসিংদীর পলাশ থানা এলাকার প্রাণ কারখানায় কাজ করেন। ট্রলারটি নদীর মাঝখানে পৌঁছানোর পর ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ হন। খবর পেয়ে প্রাণ কারখানার লোকজন ও ডুবুরিরা উদ্ধারকাজে অংশ নেন। পরে ঘটনাস্থলের কাছাছাছি স্থান থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে গেছে। উদ্ধারকাজ চলছে।