গাজীপুর থেকে অপহূত কিশোর নরসিংদী থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে সজীব মিয়া (১৪) নামের এক কিশোরকে অপহরণ করার তিন দিন পর গত সোমবার নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে নরসিংদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে উদ্ধার করে। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নরসিংদী থানার অপরাধ তদন্ত বিভাগ জানায়, গত শনিবার রাতে জয়দেবপুর উপজেলার পশ্চিম ডগরী গ্রামের আবুল কাশেমের ছেলে সজীব মিয়াকে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ বাবদ সজীবের পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় সজীবের বাবা জয়দেবপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
নরসিংদীর অপরাধ তদন্ত বিভাগের পুলিশের সদস্যরা সোমবার রাতে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সজীব মিয়াকে উদ্ধার করেন।