গাজীপুর থেকে হাতিরঝিল ট্রাফিক সিগন্যালমুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে গাজীপুর চৌরাস্তা থেকে হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক ট্রাফিক সিগন্যালমুক্ত করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ছোট-বড় মিলিয়ে মোট ৬৯টি ক্রসিং বন্ধ করে ২২টি ‘ইউ’ আকৃতির সড়ক পারাপার সেতু বা ‘ইউলুপ’ নির্মাণ করা হবে।
গতকাল শনিবার একটি হোটেলে ডিএনসিসি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ডিএনসিসির আশা, ইউলুপগুলো হলে যানজট ২৫-৩০ শতাংশ কমে যাবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানজট এখন জাতীয় দুর্ভোগ। গাজীপুর থেকে তেজগাঁও পর্যন্ত সড়ক নিয়ে সরকারের আরও আধুনিক পরিকল্পনা আছে। তবে সেগুলো বাস্তবায়ন সময়সাপেক্ষ। এসব ইউলুপ যদি তত দিন জনগণের দুর্ভোগ কিছুটা হলেও কমায়, তাও ভালো।
সেতুমন্ত্রী বলেন, ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের বদলে অন্যরা ব্যবহার করছে। রাজনৈতিক মদদ, পৃষ্ঠপোষকতা আছে এসবের পেছনে। ফুটপাতগুলো পথচারীদের জন্য ছেড়ে দিতে ব্যবস্থা নিতে হবে। সমন্বিত পদক্ষেপ ছাড়া রাজধানীর যানজট নিরসন সম্ভব নয়।
সভায় ইউলুপ নকশাকারী বিশেষজ্ঞ দলের এস এম সালেহউদ্দিন ও আসাদুর রহমান মোল্লা একটি তথ্যচিত্র প্রদর্শন করেন। তাতে বলা হয়, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি ট্রাফিক সিগন্যালমুক্ত করতে ২২টি ইউলুপ নির্মাণ করা হবে। দুই ধরনের ইউলুপ নকশা করা হয়েছে। একটিতে ছোট-বড় দুই ধরনের যানবাহনই চলবে। অন্যটিতে শুধু ছোট গাড়ি চলবে। একটি ইউলুপ থেকে আরেকটি ইউলুপের সর্বনিম্ন দূরত্ব হবে ৮০০ মিটার আর সর্বোচ্চ ৩.২ কিলোমিটার।
মেয়র আনিসুল হক বলেন, ইউলুপগুলো নির্মাণ করতে ৩৭ দশমিক ০৯ বিঘা জমির প্রয়োজন হবে। এর মধ্যে সড়ক ও জনপথের ৩১ দশমিক ২৫ বিঘা, রেলওয়ের ১.৬১ বিঘা ও সিভিল এভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা। তবে এসব জমি খালি আছে, কোনো অধিগ্রহণের প্রয়োজন হবে না। জমি পাওয়া গেলে আগামী ছয় মাসের মধ্যে ইউলুপ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে।
সভায় সাংসদ জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।