গাজীপুর নারায়ণগঞ্জ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিসহ নানা দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল শনিবার ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ায় একটি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। দাবি আদায়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।

আশুলিয়ায় পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামগড়া এলাকার লিন্ডা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক শুক্রবার রাতের নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে কারখানার শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে নিম্নমানের নাশতা সরবরাহের প্রতিবাদ জানানোর পাশাপাশি দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করেন। একপর্যায়ে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল আশুলিয়ার গণকবাড়ীর উইন্ডো নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। গত মঙ্গলবার থেকে বন্ধ আশুলিয়ার আউকপাড়া এলাকার ডাইনেস্টি গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা গতকালও বিক্ষোভ করেন। পাশাপাশি তাঁরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি জানান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। বিষয়টি আগেই শ্রমিকেরা জেনে যান। তাঁরা দুপুর সাড়ে ১২টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার ফায়ার অ্যালার্ম বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্য শ্রমিকদের বাইরে আনেন। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেন।

কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাদির হোসেন খান জানান, আগুনের বিষয়টি সম্পূর্ণ গুজব। তবে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লি বিদ্যুৎ এলাকার আয়মন টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে শ্রমিকেরা পার্শ্ববর্তী ট্রপিক্যাল কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।

কারখানার নির্বাহী পরিচালক মোহামঞ্চদ হুসেইন বলেন, ‘বাড়তি বেতনের দাবিতে শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যান। বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে বেতন বাড়ানোর চিঠি পেলে আমরা শ্রমিকদের বেতন বাড়িয়ে দেব।’ গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. শওকত কবীর জানান, ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টঙ্গীর নিশাত নগরে দ্যাটস ইট গার্মেন্টস লিমিটেডের প্রায় ৬৫০ জন শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ অবস্থায় কারখানার উপব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি সরকার বা বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ বিবেচনায় নিয়েছে। তবে সরকার ও বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।