গাজীপুর-নারায়ণগঞ্জ রুটে দোতলা ট্রেন চালুর সুপারিশ
গাজীপুর থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে দোতলা ট্রেন চালু করা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমানে যে রেললাইন আছে, তাতে দোতলা ট্রেন চালু করা সম্ভব নয়। এ ধরনের ট্রেন চালু করতে হলে নতুন লাইন তৈরি করতে হবে। কিছু জায়গায় ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরি করতে হবে। কিন্তু সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার জন্য দোতলা ট্রেন অপরিহার্য। তাই এ ধরনের ট্রেন চালু করা সম্ভব কি না, বা করতে হলে কী কী করণীয়—এ বিষয়টি মন্ত্রণালয়কে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বলা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ভারতের রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া ভারতগামী মৈত্রী ট্রেনের ইমিগ্রেশন–ব্যবস্থা সহজ করতে শুধু ঢাকায় ও কলকাতায় আলাদা ইমিগ্রেশন–ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা অংশ নেন।