গাজীপুর বগুড়া সিরাজগঞ্জে ৩৮ হাজার মুরগি নিধন
বার্ড ফ্লু সংক্রমণের কারণে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার গাজীপুর, বগুড়া ও সিরাজগঞ্জে ৩৮ হাজারের বেশি মুরগি নিধন করা হয়েছে। এ ছাড়া ধ্বংস করা হয়েছে প্রায় ৫০ হাজার ডিম।গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, উপজেলার বরমী ইউনিয়নের হুমায়রা পোলট্রি খামারে বার্ড ফ্লু সংক্রমণের খবর পেয়ে মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় গত মঙ্গলবার রাতে ওই খামারের ২৮ হাজার ৫৬২টি মুরগি ও ৪৮ হাজার ২৪৩টি ডিম মাটিচাপা দেওয়া হয়। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা বিভাগের সহকারী পরিচালক হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ, ওই খামারের মালিক জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।বগুড়া: জেলার আদমদীঘি উপজেলার ছাতনি গ্রামে তৃপ্তি পোলট্রি খামারের বার্ড ফ্লুতে আক্রান্ত তিন হাজার ৭৫৬টি মুরগি গত মঙ্গলবার রাতে নিধন করা হয়েছে। আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক জানান, সরকারি নির্দেশে মুরগিগুলো নিধন করা হয়। তবে খামারিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।সিরাজগঞ্জ: সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের দুটি পোলট্রি খামারের বার্ড ফ্লু আক্রান্ত চার হাজার ৬৫০টি মুরগি ও এক হাজার ১১৫টি ডিম গতকাল বুধবার ধ্বংস করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বহুলী ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের বাদশাহ পেলাট্রি খামারের ৪৭৭টি ও শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের কবির পোলট্রি খামারের ৬১৯টি মুরগি গত দুই দিনে মারা যায়। পরে এই দুটি খামের মুরগির রক্তের নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু প্রমাণিত হওয়ায় গত বুধবার বাদশাহ পোলট্রি খামারের আরও এক হাজার ১২৩টি মুরগি ও ১০৪টি ডিম এবং কবির পোলট্রি খামারের দুই হাজার ৪০০ মুরগি ও এক হাজার ১২টি ডিম মাটি চাপা দেওয়া হয়।