গাজীপুর-বিমানবন্দর পথে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী চলাচল করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত র্যা পিড ট্রানজিট (বিআরটি) সড়ক চালু হলে তিনটি বাস যুক্ত করে তৈরি করা যান চলাচল করবে। এতে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত আসা-যাওয়া করবে।
গতকাল সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকায় গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে গাজীপুর-বিমানবন্দর বিআরটি সড়কের বাস ডিপো নির্মাণস্থল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এটা ২০ কিলোমিটারের প্রকল্প। এর মধ্যে সাড়ে চার কিলোমিটার এলিভেটেড। বাকিটুকু সমতল। টঙ্গী ব্রিজ আট লেন করা হবে। এয়ারপোর্ট, জসীমউদ্দীন সড়ক, কুনিয়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোগড়া ও চৌরাস্তা এলাকায় ছয়টি উড়ালসড়ক হবে। ২ হাজার ৩৯ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এটাকে মহাখালী পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
মন্ত্রীর পরিদর্শনের সময় গাজীপুরের জেলা প্রশাসক এস আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সড়ক ও জনপথের (সওজ) ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা, উপবিভাগীয় প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ৮ হাজার বর্গমিটারের বিআরটির বাস ডিপোটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি টাকা।