গাজীপুর মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু আজ
গাজীপুর মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ বুধবার থেকে। এদিন ৫০ জন শিক্ষার্থী নিয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হবে।
এ উপলক্ষে আজ নগরের বঙ্গতাজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের পরিচয়পর্বের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ক্লাস।
আপাতত গাজীপুর সদর হাসপাতালের নতুন ভবনেই কলেজের শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। ওই ভবনের নিচতলায় বহির্বিভাগ, দোতলা ও তৃতীয় তলায় শ্রেণীকক্ষ ও অধ্যক্ষের কার্যালয় স্থাপন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসের ভেতরেই ছাত্রীদের একটি হোস্টেল নির্মাণ করা হয়েছে। জায়গার অভাবে ছাত্রদের জন্য ক্যাম্পাসের বাইরে নগরের ছায়াবীথি এলাকায় সরকারি খরচে হোস্টেল ভাড়া নেওয়া হয়েছে।
ইতিমধ্যে কলেজের অধ্যক্ষ ও ২০ জন শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়েছে। সম্প্রতি দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হয়েছেন।
গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সদর হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তরের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ১৮ নভেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কলেজটির অনুমোদন দেয়। কলেজের জন্য জমি অধিগ্রহণসহ ৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর এর কাজও শুরু হয়েছে। এর পাশাপাশি সেখানে একটি ট্রমা সেন্টারও স্থাপন করা হবে।
কলেজের অধ্যক্ষ চিকিৎসক সুভাস চন্দ্র সাহা জানান, গাজীপুর মেডিকেল কলেজ হবে দেশের আধুনিকতম মেডিকেল কলেজ। সংযুক্তির মাধ্যমে ২০ জন শিক্ষক দিয়ে এমবিবিএসের প্রথম বর্ষের অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমেস্ট্রি বিভাগের ক্লাস শুরু হচ্ছে।