গাজীপুর, রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের পূর্বাচল উপশহরের হারারবাড়ী এলাকায় মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কাওসার মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের রঙ্গিলা (এসসি) বাজার এলাকায় বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন দুজন।
একই মহাসড়কে উপজেলার ভবানীপুর (বাঘের বাজার) এলাকায় যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার দুই আরোহী নিহত হন। তাঁরা হলেন হারুনুর রশীদ (৪৫) ও পারভীন আক্তার (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। তাঁদের মধ্যে পরে আরমিন আক্তার (৭) হাসপাতালে মারা যায়। আরমিন নিহত পারভীনের মেয়ে।
এদিকে কাঞ্চন-কুড়িল সড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের হারারবাড়ী এলাকায় গতকাল সন্ধ্যায় মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কাওসার মিয়া (৩৪) নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার এসআই তানভীর আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা কাঞ্চন সেতু এলাকা থেকে যাত্রী নিয়ে ইছাপুরা এলাকায় যাওয়ার পথে হারারবাড়ী এলাকায় একটি মিনিবাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও মিনিবাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কাওসার মিয়া নিহত হন।