গাজীপুর শহরের একাংশে গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য ভোগড়া ও আশপাশের এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রান্না করতে না পারায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া, বাসন, নাওজোড়, কড্ডাসহ আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে তিতাসের গ্যাস-সংকট দেখা দিয়েছে। প্রতিদিন রাত একটার দিকে কিছু গ্যাস আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। সকাল আটটার পরে চুলা ধরানোই যায় না। রাতে অনেকে রান্না সেরে রাখেন। অনেককে আবার লাকড়ি ব্যবহার করেও রান্না করতে হচ্ছে।
ভোগড়া গ্রামের গৃহবধূ শাহানা সুলতানা বলেন, তাঁরা একবার রান্না করে তিনবার খাচ্ছেন। অথচ মাস পার হলেই গ্যাস বিলের টাকা গুনতে হচ্ছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় সংসারে জ্বালানি খরচ (লাকড়ি কেনার খরচ) বেড়ে গেছে।
একই সংকটের কথা জানালেন ভোগড়ার বাসিন্দা হাজি আবদুস সোবাহান। তিনি বলেন, মহাসড়ক থেকে চৌধুরীবাড়ি সড়ক ঘেঁষে প্যাগাসাস জুতার কারখানা পর্যন্ত মোটা পাইপ দিয়ে কারখানায় গ্যাস সরবরাহ করা হয়। ওই এলাকায় গ্যাসের তেমন সংকট হচ্ছে না। একই সড়কের পাশ দিয়ে সরু (চার ইঞ্চি ব্যাসের) পাইপ দিয়ে ভোগড়া এলাকার দিকে আবাসিক লাইন নেওয়া হয়েছে। এ লাইন থেকেই আশপাশের বিভিন্ন কলকারখানায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। ওই সব কারখানায় কম্প্রেসর স্থাপন করে গ্যাস টেনে নেওয়ায় আবাসিক গ্যাসলাইনে গ্যাস একেবারেই থাকছে না।
নাওজোড় এলাকার বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘বাড়িভাড়াই আমার একমাত্র আয়ের উৎস। কয়েক মাস ধরেই গ্যাসের সংকট চলছে। রান্নার অসুবিধা হওয়ায় ভাড়াটিয়ারা অনেকে অন্যত্র চলে যাচ্ছেন।’
এদিকে এ সমস্যা দূর করতে এলাকাবাসী সংশ্লিষ্ট গ্যাস কার্যালয়ে আবেদন করেছেন। গ্যাসের সমস্যা সমাধানে গত সোমবার জেলা প্রশাসকের কাছেও আবেদন করেছেন তাঁরা।
তিতাস গ্যাসের গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি গাজীপুরে গ্যাস সরবরাহ কম পাচ্ছি। সরবরাহ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কার্যালয় ও কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছি।’