গাজীপুর শহরের শিববাড়ী মোড়ে বিআরটিসি দ্বিতল বাস পোড়ানো মামলায় জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু নাঈম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কাপাসিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া উপজেলার কড়িহাতি ইউনিয়নের বেগুনহাটি গ্রামে অভিযান চালিয়ে গতকাল বিকেল তিনটায় নাঈমকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের বিআরটিসি দ্বিতল বাস পোড়ানো মামলার তদন্তে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খান জানান, ষড়যন্ত্রমূলকভাবে ওই বাস পোড়ানো মামলায় আসামি করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।১৮ দলের অবরোধ কর্মসূচির আগের দিন ১০ ডিসেম্বর সন্ধ্যায় অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল শেষে জেলা শহরের শিববাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি দ্বিতল বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। পরে ওই ঘটনায় রাতেই ৬৮ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ।