গাজীপুর শিল্পাঞ্চল শান্ত বিজিবি প্রত্যাহার অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা প্রায় সাত দিন শ্রমিক অসন্তোষের পর গতকাল শুক্রবার গাজীপুর শিল্পাঞ্চল ছিল শান্ত। জেলার কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন শিল্পকারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিজিবি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকার শিল্পকারখানার শ্রমিকেরা গতকাল শুক্রবার যথারীতি সকালে কাজে যোগদান করেছেন। আবার অনেক কারখানায় গতকাল ছিল সাপ্তাহিক ছুটি। গাজীপুর সদর উপজেলার টঙ্গী, ভোগড়া, বাসনসড়ক, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, কালিয়াকৈর উপজেলার মৌচাক, তেলিরচালা ও চন্দ্রা এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছে। যেসব কারখানার শ্রমিকেরা গত কয়েক দিন ধরে বিক্ষোভ ও ভাঙচুর করে আসছে, সেসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। গত কয়েক দিনের হামলা ও ভাঙচুরের শিকার অনেক কারখানায় এখনো কাজ শুরু হয়নি।
গতকাল সকালেই জেলা থেকে বিজিবি প্রত্যাহার করে প্রশাসন। জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, ফের শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তাৎক্ষণিক বিজিবি মোতায়েন করা হবে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ডিবাইন গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, নতুন মজুরি বোর্ড কর্তৃক শ্রমিকদের বেতনকাঠামো ঘোষিত হলে অন্য সব কারখানার মতো একসঙ্গে তাঁরাও শ্রমিকদের বেতন বৃদ্ধি করবেন। তবে তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কাজ থেকে বিরতি থাকার অনুরোধ জানিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গতকাল কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তার পরও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। গাজীপুর শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষ হয়নি। খোলা কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। নিরাপত্তার জন্য মহাসড়কে পুলিশ টহল দিয়েছে।