গাজীপুর সদর হাসপাতালে শুধু নেই আর নেই
মিনারা বেগম (৩৫) তলপেটের ব্যথা নিয়ে গত রোববার ভোরে গাজীপুর সদর হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ভর্তিও হন। কিন্তু হাসপাতালের নারী ওয়ার্ডে কোনো বেডই খালি নেই। তাই মিনারাকে হাসপাতালের রান্নাঘরের সামনের বারান্দার নোংরা পরিবেশে ফেলা একটি বেডেই থাকতে হচ্ছে। মিনারার মতো ওই স্থানে আরও কয়েকজন রোগী রয়েছেন।মিনারা বেগম বলেন, ‘ওয়ার্ডে বেড খালি না থাকায় বারান্দায় থাকতে হচ্ছে। তবে বারান্দায় থাকলেও নার্সরা খবর নিচ্ছেন এবং ওষুধও ঠিকমতো পাচ্ছি।’এলাকাবাসী জানান, এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালটি ১০০ শয্যার হলেও সবকিছুই আছে ৫০ শয্যা হাসপাতালের মতো। এ কারণে চিকিৎসা নিতে এসে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চিকিৎসক কম থাকায় বহির্বিভাগে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে ফিরে যাচ্ছে। এই সুবাদে রোগীরা বাধ্য হচ্ছে জেলা সদরের বিভিন্ন ক্লিনিকে চলে যেতে।হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় অনেক লোকের বসবাস। তাদের মধ্যে বিশাল একটি অংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও ভাসমান। তারা বেশির ভাগই সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও সামান্য সুবিধা ছাড়া সবকিছু আছে আগের মতো। হাসপাতালে ৮০টি বেড রয়েছে। বেশি রোগী হলে তাদের জায়গা হয় হাসপাতালের বারান্দায়।হাসপাতালে ৪৩ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ১৮ জন। পুরুষ ও নারী সেবিকা যেখানে থাকার কথা ৯০ জন, সেখানে আছেন মাত্র ৪০ জন। ৩০ জন ঝাড়ুদারের জায়গায় রয়েছেন পাঁচজন। এ কারণে হাসপাতালটি সব সময়ই নোংরা থাকছে। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সড়ক দুর্ঘটনার পর দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর কারণে দুজন চালক বর্তমানে পালা করে একটিই চালাচ্ছেন। বিদ্যুৎ চলে গেলে রয়েছে জেনারেটর। কিন্তু তেলের জন্য নেই কোনো বরাদ্দ, যার ফলে জেনারেটর থেকেও কোনো লাভ হচ্ছে না। যদি কোনো জরুরি অপারেশন করতে হয়, তখন রোগীর আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তেল কিনে জেনারেটর চালু করা হয়। তবে অনেক ক্ষেত্রে সার্জনরাও পকেট থেকে টাকা দিয়ে তেল কিনে জেনারেটর চালান। বর্তমানে এক্স-রে মেশিনটিতে মাঝেমধ্যেই ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে। সেটিও মেরামত করা প্রয়োজন।সরেজমিনে গত রোববার হাসপাতালে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই শত শত রোগী চিকিৎসকের সাক্ষাতের জন্য অপেক্ষা করছে। বসার কোনো স্থান নেই। হাসপাতালের সামনে গাছপালা আর চায়ের দোকানগুলোতে অপেক্ষা করছে রোগীরা। হাসপাতালে প্রবেশমুখে বহির্বিভাগের রোগীদের ভিড়ে ভেতরে যাওয়াও মুশকিল। এর মধ্যে রয়েছে সদরের বিভিন্ন ক্লিনিকের দালালদের উৎপাত। কয়েকজনকে তাদের ক্লিনিকের কার্ড দিয়ে যেতে দেখা গেছে। এ কারণে অনেকে বিরক্ত হয়ে চলেও যাচ্ছে। হাসপাতালের ভেতরে গিয়ে দেখা গেছে সব দিকেই অস্বাস্থ্যকর পরিবেশ। রয়েছে দুর্গন্ধ। রোগীদের জন্য রান্নার ঘরটিও অপরিষ্কার। রোগীদের ওয়ার্ডগুলোও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। একজন রোগীর জন্য পাঁচ-ছয়জন সাক্ষাৎ প্রার্থী ওয়ার্ডগুলোতে যত্রতত্র যাতায়াত করছে।সদর উপজেলার ধীরাশ্রম এলাকার কারখানা-শ্রমিক আলতাফ হোসেন বলেন, ‘এখানে চিকিৎসা নিতে আইসা দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। সকাল থেকেই প্রচুর রোগীর ভিড় রয়েছে। কখন ডাক্তার দেখাতে পারব বুঝতে পারছি না। বসার জন্যও কোনো ব্যবস্থা নাই, তাই গাছের নিচেই বসে আছি।’ একই রকম অভিযোগ চান্দনা দিঘিরচালা এলাকার ফারজানা আক্তারের।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) লিয়াকত আলী খান প্রথম আলোকে বলেন, যেখানে চিকিৎসক থাকার কথা ৪৩ জন, সেখানে ১৮ জন দিয়ে এত বড় হাসপাতাল চলা অসম্ভব। মেডিকেল কর্মকর্তা প্রতিদিন বহির্বিভাগে চার শতাধিক রোগী দেখেন। জরুরি বিভাগেও প্রতিদিন রোগী রয়েছে দেড় শতাধিক। জরুরি ও ভেতর বিভাগে চিকিৎসক না থাকায় বহির্বিভাগের চিকিৎসকদের সেই সেবা দিতে হচ্ছে। এতে করে তাঁদের কাজেও সমস্যার সৃষ্টি হচ্ছে। হাসপাতালে গত বছর এক হাজারের বেশি অপারেশন হয়েছে। অথচ জেনারেটরের তেলে বরাদ্দ না থাকায় রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। এক্স-রে ও ইসিজি করতে রেডিও টেকনিশিয়ান রয়েছে একজন। প্রস্তাব দেওয়া আছে তিনজনের। মূল গেটে দারোয়ান না থাকায় লোকজন অবাধ যাতায়াত করছে। তিনি আরও বলেন, পাঁচ বছর ধরে হাসপাতালের মেডিসিন-বিশেষজ্ঞ পদটি শূন্য রয়েছে। এ ছাড়া হাসপাতালে কার্ডিওলজি, কিডনি, মানসিক ও চর্মরোগের চিকিৎসক খুবই প্রয়োজন।