গাজীপুর সিটি করপোরেশন গঠন চূড়ান্ত
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) আনুষ্ঠানিক ঘোষণা আসছে ডিসেম্বরে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শেষ পর্যায়ে। নতুন সিটি করপোরেশন গঠনের অংশ হিসেবে সীমানা নির্ধারণ ও ছয়টি ইউনিয়নকে পৌর এলাকা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জনসংখ্যার দিক থেকে এটি হবে দেশের তৃতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রথম ও দ্বিতীয় অবস্থানে ঢাকা ও চট্টগ্রাম। দুটি পৌরসভা আর ছয়টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত গাজীপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব (সিটি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গাজীপুর সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ইউনিয়নগুলোকে পৌর এলাকার আওতায় এনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী মাসেই সিটি করপোরেশন গঠন করা হবে।স্থানীয় সরকার (পৌরসভা), ২০০৯ আইনের ৩(১) ধারা অনুসারে গাজীপুর ও টঙ্গী পৌরসভার সীমানা সম্প্রসারণের জন্য ছয়টি ইউনিয়নকে আলাদাভাবে দুই পৌরসভায় ঢোকানো হয়। এর মধ্যে গাজীপুর পৌরসভায় বাসন, কাউলতিয়া, কোনাবাড়ী ও কাশিমপুর ইউনিয়নকে এবং টঙ্গী পৌরসভায় গাছা ও পুবাইল ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে সীমানা নিয়ে বিরোধপূর্ণ ভানুয়া, চতর, চাপুলিয়া ও ফাউকান এলাকার মৌজাগুলোকে গাজীপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সব ইউনিয়নে পাঠানো হয়। ১৯ নভেম্বরের মধ্যে প্রজ্ঞাপনের ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।